আনসার সদস্যের সততায় ভারতীয় ট্রাকচালকের নথিপত্র উদ্ধার

যশোরের বেনাপোল স্থলবন্দরে দায়িত্ব পালন শেষে রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য মো. সুজন আহমদ। ব্যাগটিতে ভারতীয় এক ট্রাকচালকের পাসপোর্ট, ভিসা, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, নগদ অর্থসহ আমদানি-রপ্তানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর আনসার ক্যাম্প-১-এর আওতাধীন ৯ নম্বর গেটে দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাস্তার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন আনসার সদস্য মো. সুজন আহমদ। ব্যাগটি তুলে পরীক্ষা করে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও প্রয়োজনীয় সামগ্রী দেখতে পান।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ব্যাগটি নিজের কাছে নিরাপদে সংরক্ষণ করেন সুজন আহমদ। পরে ব্যাগে থাকা তথ্যের মাধ্যমে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।
একপর্যায়ে ভারতীয় ট্রাকচালক বেনাপোল আনসার ক্যাম্পে উপস্থিত হলে তার পরিচয় ও ব্যাগটির মালিকানার প্রমাণ যাচাই করা হয়। যাচাই শেষে ক্যাম্প কমান্ডার ও অন্যান্য আনসার সদস্যদের উপস্থিতিতে তার পাসপোর্ট, ভিসা, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, নগদ অর্থসহ মানিব্যাগ এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হারানো গুরুত্বপূর্ণ নথিপত্র ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই ভারতীয় ট্রাকচালক। আনসার সদস্য মো. সুজন আহমদের সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ট্রাকচালক জানান, নথিগুলো হারিয়ে গেলে সীমান্ত পারাপার ও পণ্য পরিবহনের কাজে তাকে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হতো। সময়মতো সেগুলো ফিরে পাওয়ায় তিনি বড় ধরনের ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন।
বিজ্ঞাপন
সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত আনসার সদস্যের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ শুধু সাধারণ মানুষের আস্থাই বাড়ায় না, বিদেশি নাগরিকদের কাছেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে। সততা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত সীমান্ত এলাকায় সেবামূলক পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।








