ডিজিটাল ব্যাংকিংয়ে গুরুত্ব দিতে বললেন আনসার ডিজি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর সেবা ও গ্রাহকবান্ধব কার্যক্রমে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বিজ্ঞাপন
নবনিয়োগপ্রাপ্ত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বাড়ানো ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। এর প্রথম ধাপে ২৫ জন সিনিয়র কর্মকর্তাকে নিয়ে গত ১৫ আগস্ট থেকে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
বুধবার (১৯ আগস্ট) প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ সেশনে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাংগঠনিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বাহিনীর অগ্রগতিতে ব্যাংকের ভূমিকা, ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর সংস্কারের মাধ্যমে ব্যাংককে আধুনিক করার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিজ্ঞাপন
মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ব্যাংকের সম্পৃক্ততা আরও জোরদার করা গেলে সদস্যদের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ লক্ষ্যে ব্যাংকের সেবা ও কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ব্যাংকিং সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গ্রাহকদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণের ওই সেশনে ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) বাস্তবায়ন এবং BACH, NPSB, BEFTN/EFTসহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে সংযুক্তির বিষয়েও আলোচনা করা হয়।
এসব প্রযুক্তি কার্যকরভাবে বাস্তবায়ন হলে গ্রাহকসেবা, আন্তঃব্যাংক লেনদেন এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে সামঞ্জস্যপূর্ণ করতে কর্মকর্তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং গ্রাহকবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে তাদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেবার মান বাড়বে এবং বাহিনীর সদস্যদের জন্য আরও সহজ, দ্রুত ও উন্নত আর্থিক সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।








