Logo

‘অন্ধদের কষ্টে অর্জিত টাকা, অধিকার থেকে বঞ্চিত করবেন না’

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২৩ আগস্ট, ২০২৬, ২০:৫০
‘অন্ধদের কষ্টে অর্জিত টাকা, অধিকার থেকে বঞ্চিত করবেন না’
ছবি: প্রতিনিধি

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের কষ্টার্জিত অর্থ ও সারা জীবনের সঞ্চয়ে গড়ে তোলা সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের আয় থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের বঞ্চিত না করার দাবি জানানো হয়েছে। মার্কেটের জমিদারি ভাড়া থেকে পাওয়া আয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের প্রাপ্য বলে দাবি করেছেন সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদারসহ দৃষ্টি প্রতিবন্ধীরা।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের সামনে এ দাবিতে মানববন্ধন করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কয়েক শতাধিক সদস্য।

মানববন্ধনে সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের কষ্টার্জিত অর্থ দিয়েই সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেট গড়ে তোলা হয়েছে। মার্কেটটিতে কয়েক শতাধিক দোকান রয়েছে। এসব দোকানের জমিদারি ভাড়া থেকে পাওয়া আয় দিয়ে সংস্থার দৃষ্টি প্রতিবন্ধী সদস্যরা বিভিন্নভাবে উপকৃত হন।

তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে সাভারের দৃষ্টি প্রতিবন্ধীদের এই মার্কেট নিয়ে চক্রান্ত করছে। বিভিন্নভাবে মামলা জটিলতা সৃষ্টি করে মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রশাসক নিয়োগ করা হলেও প্রশাসকের মাধ্যমে মার্কেটের জমিদারি ভাড়া আদায় করা হলে দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

আইউব আলী হাওলাদার আরও বলেন, উন্নয়নের নামে ঐতিহ্যবাহী মার্কেটটি ভেঙে কোনো ডেভেলপার কোম্পানির কাছে হস্তান্তরের পাঁয়তারা চলছে। এতে দৃষ্টি প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। তাই অবিলম্বে সংস্থার নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধীরা বলেন, মার্কেটটি তাদের আত্মনির্ভরতার অন্যতম প্রধান অবলম্বন। তাই মার্কেটের ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মার্কেটের আয় থেকে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের স্বার্থ রক্ষা, সংস্থার নির্বাচন আয়োজন এবং মার্কেটের ব্যবস্থাপনায় নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD