রামগড়ে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর মৃত্যু

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় ঘাস মারার কীটনাশক পান করে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত জোসনা আক্তার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ইসমাইল কলোনি এলাকার আমির হোসেনের মেয়ে। প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে রামগড় উপজেলার নাকাপা এলাকার জাফর আহাম্মদের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে নাকাপা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে জোসনা আক্তার ও তাঁর স্বামীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবার অগোচরে ঘরে থাকা ঘাস মারার কীটনাশক পান করেন জোসনা। পরে তাঁর চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্বামীসহ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এজাহারে উল্লেখ করা হয়েছে, জোসনা আক্তার অল্পতেই রাগান্বিত হয়ে মেজাজ হারাতেন। মেয়ের বিষপানের খবর পেয়ে তাঁর বাবা আমির হোসেন রামগড়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য জোসনাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর খাগড়াছড়ি সদর হাসপাতালেও তাঁর চিকিৎসা চলে।
অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার (১৯ সেপ্টেম্বর) তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন কারও বিরুদ্ধে অভিযোগ না করে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।








