Logo

সৌদি থেকে ফেরার এক সপ্তাহের মাথায় হামলায় প্রাণ গেল আবিরের

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৪ অক্টোবর, ২০২৬, ১৩:০৫
সৌদি থেকে ফেরার এক সপ্তাহের মাথায় হামলায় প্রাণ গেল আবিরের
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত সৌদি আরবফেরত ছেলে আবির হোসেন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় আহত তাঁর বাবা এনামুল হক (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুল হকের সঙ্গে তাঁর চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় এনামুল হক ও তাঁর ছেলে আবির গুরুতর আহত হন। আবির প্রায় এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। তাঁর বাবা এনামুল হকের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD