Logo

তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা, বন্ধুর লাঠির আঘাতে যুবকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৫ অক্টোবর, ২০২৬, ১৪:৫১
তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা, বন্ধুর লাঠির আঘাতে যুবকের মৃত্যু
নিহত এমদাদুল হক। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে ইমদাদুল হক (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পরিচিত নাইস খন্দকারের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাইসকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে। অভিযুক্ত নাইস খন্দকার একই গ্রামের মৃত মজনু খন্দকারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ইমদাদুল ও নাইসের মধ্যে বন্ধুসুলভ ভালো সম্পর্ক ছিল। তারা প্রায়ই একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা করতেন। বুধবার রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ একটি বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায়ে ইমদাদুল নাইসের মায়ের কাছে অভিযোগ জানাতে যান। তখন নাইস একটি লাঠি হাতে তাকে ধাওয়া করেন। দৌড়ে পালানোর সময় ইমদাদুল পড়ে গেলে নাইস তার হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ইমদাদুল গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় তাকে। এরপর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই এলাকার বাসিন্দা উজ্জল হোসেন জানান, ইমদাদুল বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। ফ্লাইট না হওয়ায় গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরেন তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ইমদাদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD