Logo

পাবনায় কার্যালয়ে ঢুকে ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২৯ অক্টোবর, ২০২৬, ২১:২৪
পাবনায় কার্যালয়ে ঢুকে ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের একটি ব্যবসায়িক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন (৩০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। রিপন তাঁর সহযোগী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালাম ও রিপন বাজারের একটি ব্যবসায়িক কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৫ থেকে ৭ জনের একটি দল সেখানে ঢুকে তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

গুলিতে আহত সালাম ও রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, ৫ থেকে ৭ জনের একটি দল গুলি করতে করতে সালামের কার্যালয়ে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD