৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু করতে দ্রুত উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পরবর্তীতে ধাপে ধাপে আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণাসংক্রান্ত স্থাপনাতেও এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়ানো, শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষায় সহায়তা প্রদান এবং ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত গৃহীত হয় ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে একই দিন ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায়। সভায় কমিশনের সদস্যবৃন্দ, সচিব, আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, হিট প্রকল্পের প্রতিনিধি এবং বিডিরেনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় ইউজিসি চেয়ারম্যান দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।








