বাড়ি ফেরা হয়নি ৩০০ রাবি শিক্ষার্থীর, থাকছে উপহার ও গণভোজ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যখন অধিকাংশ শিক্ষার্থী পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ বাড়ির পথে, ঠিক তখনই ভিন্ন বাস্তবতায় রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শতাধিক শিক্ষার্থী। চাকরির প্রস্তুতি, আসন্ন পরীক্ষা এবং ব্যক্তিগত নানা কারণে তারা এবার ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন।
বিজ্ঞাপন
এই শিক্ষার্থীদের ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। ঈদের দিন তাদের জন্য থাকবে উপহার, গণভোজ এবং আলাদা আপ্যায়নের ব্যবস্থা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম বলেন, পারিবারিক আবহের ঈদের আনন্দ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। একসঙ্গে নামাজ আদায়, পরিবারের সঙ্গে খাবার খাওয়া এবং ছোটদের সালামি দেওয়ার স্মৃতি তাকে টানছে। তবে সামনে চাকরির পরীক্ষা থাকায় প্রস্তুতির স্বার্থেই ক্যাম্পাসে থাকতে হচ্ছে।
বিজ্ঞাপন
আইন বিভাগের এক শিক্ষার্থীও একই বাস্তবতার কথা তুলে ধরে বলেন, সামনে গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা থাকায় বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারকে খুব মিস করবেন জানালেও তিনি বলেন, পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে ক্যাম্পাসে থেকে ঈদ উদযাপনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের জন্য ঈদ উপহার হিসেবে ছাত্রদের পাঞ্জাবি এবং ছাত্রীদের জন্য থ্রি-পিস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থী প্রতিনিধিরা জানিয়েছেন, ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে একটি বড় পরিসরের গণভোজের আয়োজন করা হবে। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই উৎসবের আনন্দে শামিল হতে পারেন।
বিজ্ঞাপন
রাকসুর নেতারা বলছেন, শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতেও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পাশে থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, ঈদের সময় যারা ক্যাম্পাসে থাকবেন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। হল প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের সমন্বয়ে এই আয়োজন সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ জন্য ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি ও বিশেষ টিম গঠন করা হয়েছে।
সব মিলিয়ে, পরিবার থেকে দূরে থাকলেও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন—সেই লক্ষ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিরা সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছেন।








