Logo

২৫ মার্চ ঢাবিতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’, দুই দিনের কর্মসূচি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১০ মার্চ, ২০২৬, ১৫:২৮
২৫ মার্চ ঢাবিতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’, দুই দিনের কর্মসূচি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করবে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক মিনিট ‘ব্ল্যাক-আউট’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্যও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৫ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন, ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

রাত ৮টা ১৫ মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরি স্থাপনা ব্যতীত সকল স্থানে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে। একই দিন বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এরপর ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— আলোচনা সভা, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অ্যালামনাই সকাল ৫টা ৪৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হবেন। সকাল ৬টায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য যাত্রা করা হবে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে।

এছাড়া ২৯ মার্চ (রবিবার) বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর ২৫ মার্চ ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় শহীদ স্মরণ ও জাতীয় উদযাপন নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD