Logo

অ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তিতে তরুণদের মিলনমেলা লালমনিরহাটে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, ২০:৩৯
অ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তিতে তরুণদের মিলনমেলা লালমনিরহাটে
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর আয়োজনে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা–২০২৬ (NAGC-2026) সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। এ সময় লালমনিরহাটের দুই আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও মহাকাশ প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং তাদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা এতে অংশ নেন।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রথম আয়োজনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে গভীর আগ্রহ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন করা নয়; বরং তরুণ মেধাকে খুঁজে বের করা, তাদের ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং ভবিষ্যতে দেশের Aviation, Aerospace, Drone, Robotics ও Space Technology খাতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার জন্য একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম সৃষ্টি করা।”

প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, এ ধরনের আয়োজন তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় প্রয়োজন বিবেচনায় কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে। ড্রোন, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, কৃষি, যোগাযোগ ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি গবেষণা, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে তা বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে এএইউবিকে ঘিরে লালমনিরহাটে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৪টি দল অংশ নেয়। এতে প্রতিযোগীর সংখ্যা ছিল ২৯৬ জন। চারটি বিভাগে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নেন।

চারটি বিভাগের ফলাফলে রোটরক্রাফটে প্রথম হয়েছে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ‘ইরফান এফপিভি’। দ্বিতীয় হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম ভর্টেক্স’।

ফিক্সড উইং বিভাগে প্রথম স্থান অর্জন করেছে এএইউবির ‘ড্রাগন ফ্লাই’। দ্বিতীয় হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ্যারো ভেনম’।

বিজ্ঞাপন

সকার বট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘ব্ল্যাক সাবের’। রানারআপ হয়েছে সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

অন্যদিকে স্পেস রোবোটিক্স বিভাগে প্রথম হয়েছে গ্রিন ইউনিভার্সিটির ‘মার্স রোভার টিম’। দ্বিতীয় স্থান যৌথভাবে অর্জন করেছে এএইউবির ‘রোভার ৭১’ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অগ্রদূত’।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। আয়োজকদের মতে, এ প্রতিযোগিতা তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

ভবিষ্যতে এ আয়োজনের মাধ্যমে উঠে আসা উদ্ভাবনী ধারণাগুলো গবেষণা ও প্রযুক্তি খাতে কাজে লাগিয়ে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস শিল্পের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD