Logo

প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির জাতীয় ও আন্তর্জাতিক অর্জন উৎসর্গ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২১ নভেম্বর, ২০২৬, ১৭:৫৩
প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির জাতীয় ও আন্তর্জাতিক অর্জন উৎসর্গ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্য তাঁর প্রতি উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাজীপুরের ভাওয়ালদীঘিতে অবস্থিত আলহাজ আব্দুল মালেক মেমোরিয়াল হিফজ মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য এ ঘোষণা দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত গৌরবোজ্জ্বল সাফল্য তাঁকে উৎসর্গ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দেশ গড়ার দৃঢ় প্রত্যয় এবং ‘করব কাজ, গড়ব দেশ: সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে গাকৃবি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অবস্থান অর্জন গাকৃবির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার স্বীকৃতি। প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব অর্জন উৎসর্গ করতে পেরে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।

বিজ্ঞাপন

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের সাফল্য তুলে ধরে জানান, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং-২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৯১৩তম এবং এশিয়ায় ৩২২তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। পরিবেশগত গবেষণায় বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৫তম।

এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং-২০২৭’-এ দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। এ অর্জন গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান আরও সুদৃঢ় করেছে বলে জানান উপাচার্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপাচার্য বলেন, তাঁর নেতৃত্বে দেশের কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন তিনি। তাঁদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সখিফুল ইসলাম আকন্দ, রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ যুবায়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, মাদরাসার শিক্ষক এবং হিফজসহ ইসলামী শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু উপস্থিত ছিল।

অনুষ্ঠানের শেষপর্বে মাদরাসার প্রধান শিক্ষক মো. সখিফুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপাচার্য নিজ হাতে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD