জয় বাংলা স্লোগান দিয়ে জাবির প্রধান ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান প্রবেশপথ ডেইরি গেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ১০ নভেম্বরের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে নিষিদ্ধ সংগঠনটির কথিত নাশকতামূলক কর্মকাণ্ড ও অপতৎপরতা প্রতিরোধে রাতে ক্যাম্পাস এলাকায় টহল ও মোটরসাইকেল শোডাউন করেছে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে তালা লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম জানান, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে আকস্মিকভাবে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় তাঁরা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকিও দেন।
তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। তখন পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তিরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রক্টর আরও জানান, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, পুলিশকে টহল আরও বাড়ানোর পাশাপাশি প্রধান ফটকে সদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের দাবিতে রাতে মোটরসাইকেল শোডাউন ও টহল দেয় জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা বারবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে কর্মসূচি পালন করলেও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতেই ডেইরি গেটে তালা লাগানোর ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে।
তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে পর্যাপ্ত আনসার ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানোর দাবি জানান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।








