Logo

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, আটকে দেওয়া হলো নীলাচলের ৮ বাস

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৬, ১৩:২৫
হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, আটকে দেওয়া হলো নীলাচলের ৮ বাস
ছবি: সংগৃহীত

হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির সাত থেকে আটটি বাস আটকে রেখেছেন ইডেনের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে বাসগুলো আটকে দেওয়া হয়। এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন।

অভিযোগকারী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার দাবি, শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে হাফ ভাড়া দেওয়া নিয়ে বাসকর্মীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

বৃষ্টি জানান, বাসে ওঠার আগে কর্মী তার গন্তব্য জানতে চান। সাভার যাওয়ার কথা বলার পর তাকে বাসে উঠতে বলা হয়। পরে শিক্ষার্থী পরিচয় জানতে চাইলে তিনি পরিচয়পত্র দেখান। নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দিলেও বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।

বিজ্ঞাপন

বৃষ্টি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।’

তিনি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ আচরণ করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যাতায়াত করলেও কিছু করতে পারেননি বলে হুমকিসূচক মন্তব্য করেন।

বৃষ্টির ভাষ্য, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD