ছাত্রলীগের লকডাউন ঘিরে জাবির সব ফটকে ছাত্রদলের পাহারা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব প্রবেশপথে রাতভর অবস্থান করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এম এইচ গেট, ডেইরি গেট, প্রান্তিক গেট ও বিশমাইল গেটসহ সব প্রবেশপথে পাহারা দেন তারা। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যেই এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বুধবার থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন। সংগঠনটির যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্চি মাটিও পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগীদের ছেড়ে দেওয়া হবে না। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
লকডাউন কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যেই রাতভর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে তাদের এই পাহারার ব্যবস্থা নেওয়া হয়।








