চবির হীরকজয়ন্তী উৎসবে শিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী উৎসবে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, হীরকজয়ন্তী উদযাপনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল বের করেন চবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারীরা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে যান। একপর্যায়ে শুরু হয় কথাকাটাকাটি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন। পরে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার সময় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনসহ পাঁচ-ছয়জনকে ধাক্কাধাক্কি ও আঘাত করেন। খবর পেয়ে তিনি জুনিয়র নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান।
বিজ্ঞাপন
তিনি বলেন, সেখানে যাওয়ার জন্য তাদের আগে থেকে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। পরিস্থিতির কারণে তারা ঘটনাস্থলে গিয়েছেন। নিজেদের কোনো সহযোদ্ধার ওপর হামলা হলে তা দেখে চুপ করে থাকার সুযোগ নেই। তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, তারা চান না বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন কোনোভাবেই বিতর্কিত হোক। সবার সহযোগিতায় উৎসবটি সুন্দর ও আনন্দমুখর পরিবেশে শেষ হোক, সেটিই তাদের প্রত্যাশা। তবে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর আঘাত এলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাইদের সহযোগিতা করার আশ্বাস দেন।
অন্যদিকে, চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি কেন্দ্রীয় খেলার মাঠে দেওয়া বক্তব্যে বলেন, ছাত্রদলের সভাপতি জানিয়েছেন, সেখানে মিছিল হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তবে তিনি আশ্বস্ত করেছেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তারা শান্তিপূর্ণ ক্যাম্পাস চান। ছাত্রসংগঠন হিসেবে প্রত্যেকেরই নিজস্ব কর্মসূচি থাকবে। কেউ যেন অন্যের কর্মসূচিতে বাধা না দেয়। প্রত্যেকে নিজেদের কর্মসূচি স্বাধীনভাবে পালন করবে, এটাই তাদের প্রত্যাশা।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রশিবিরের আনন্দমিছিল প্রবেশের সময় ছাত্রদলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে এতে কেউ আহত হননি। প্রক্টরিয়াল বডি মধ্যস্থতা করে দুই পক্ষকে আলাদা করে দেয়।








