ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে তিন সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিন শিক্ষক। বুধবার (১১ নভেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন। এদিকে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরও তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় এসব শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগ করা তিন শিক্ষক হলেন—আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। তারা প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, বুধবার প্রক্টরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় প্রক্টর চারপাশের চাপের বিষয়টি তুলে ধরেন। পরে পদত্যাগ করলে ভালো হবে কি না, তা জানতে চান তিনি। প্রক্টরের পক্ষ থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার অনুরোধ আসায় তিনি সেই সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে পদত্যাগের জন্য প্রক্টর সরাসরি কোনো নির্দেশ দেননি বলে স্পষ্ট করেন এই শিক্ষক। তার ভাষ্য, পারিপার্শ্বিক চাপের কথা জানিয়ে প্রক্টর তাকে পদত্যাগের অনুরোধ করেছিলেন।
অন্য সহকারী প্রক্টরদের পদত্যাগের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আরও তিনজন জমা দেওয়ার প্রক্রিয়ায় আছেন।’
অন্যদিকে, ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। পদত্যাগপত্রেও এসব কারণ উল্লেখ করেছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
মোট কতজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন, এমন প্রশ্নে মাহবুব কায়সার বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘আমি গতকাল দুইজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছে।’
পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না, জানতে চাইলে প্রক্টর বলেন, যেকোনো বিষয়েই এ ধরনের অভিযোগ ওঠা স্বাভাবিক। সবকিছুর মধ্যেই রাজনীতির গন্ধ খোঁজার প্রবণতা রয়েছে। তবে ঠিক কী কারণে শিক্ষকরা দায়িত্ব ছেড়েছেন, তা সংশ্লিষ্ট শিক্ষকরাই সবচেয়ে ভালো বলতে পারবেন।








