Logo

র‍্যাগিংয়ের অভিযোগে উত্তপ্ত কুবি, পরীক্ষা স্থগিত ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
কুমিল্লা
২৯ এপ্রিল, ২০২৬, ১৪:১৮
র‍্যাগিংয়ের অভিযোগে উত্তপ্ত কুবি, পরীক্ষা স্থগিত ঘোষণা
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিং প্রতিরোধে প্রশাসনের নানা উদ্যোগ থাকার পরও আবারও নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা সিনিয়রদের আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর বিভাগটির চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তাদের ইমিডিয়েট সিনিয়রদের একাধিকবার বৈঠক হয়।

অভিযোগ রয়েছে, গত ১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে কয়েক দফায় নবীনদের ওপর মানসিক চাপ প্রয়োগ, অপমানজনক আচরণ এবং অশালীন ভাষায় তিরস্কারের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, অরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হওয়ার কয়েকদিন পর সিনিয়র-জুনিয়রদের প্রথম আনুষ্ঠানিক বসার আয়োজন করা হয়। পরবর্তীতে জুনিয়রদের একটি গ্রুপে সিনিয়রদের নিয়ে আলোচনা ও মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কয়েক দফা বৈঠকে কিছু শিক্ষার্থীকে কঠোর ভাষায় ভর্ৎসনা ও গালিগালাজ করা হয়।

বিজ্ঞাপন

নবীন ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জানান, এসব ঘটনার কারণে তারা মানসিকভাবে চাপে রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এমন অভিজ্ঞতা তাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।

অন্যদিকে সিনিয়র ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বলছেন, পুরো ব্যাচের সবাই এ ঘটনায় জড়িত নয়। তাদের অভিযোগ, কিছু শিক্ষার্থীর আচরণের কারণে পুরো ব্যাচকে দায় নিতে হচ্ছে। এতে চলমান পরীক্ষা স্থগিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীরাই ক্ষতির মুখে পড়েছেন।

বিজ্ঞাপন

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামিমুল ইসলাম বলেন, র‍্যাগিংয়ের অভিযোগের বিষয়ে তারা অবগত হয়েছেন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা পড়েনি, তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

পরীক্ষা স্থগিতের বিষয়ে তিনি বলেন, শুধু র‍্যাগিংয়ের অভিযোগ নয়, বিভাগের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও শিক্ষক ড. নাহিদা নাহিদ বলেন, বিষয়টি তার জানা আছে এবং এটি শৃঙ্খলাজনিত হওয়ায় প্রক্টরিয়াল বডি বিষয়টি দেখছে। নবীনদের আগমনের আগেই র‍্যাগিংবিরোধী সচেতনতামূলক বৈঠক করা হয়েছিল এবং শিক্ষার্থীদের কাউন্সেলিংও দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, কয়েকজনের ভুলের দায় যেন পুরো ব্যাচের ওপর না পড়ে, সে বিষয়টিও প্রশাসন বিবেচনায় রাখছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল হাকিম জানান, অভিযোগ পাওয়ার পর প্রক্টরিয়াল বডি তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট বিভাগের দুইজন শিক্ষককে সঙ্গে নিয়ে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, অর্থনীতি বিভাগ থেকে মৌখিকভাবে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়েছে। তবে স্থগিতের পেছনের নির্দিষ্ট কারণ লিখিতভাবে জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক মনে করছেন, র‍্যাগিংয়ের মতো অভিযোগে নির্দিষ্ট দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়াই যুক্তিযুক্ত।

একজন শিক্ষকের মতে, ব্যক্তিগত অপরাধের দায় পুরো ব্যাচের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত নয়; বরং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট শাস্তি নিশ্চিত করাই আইনের মূলনীতি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর নতুন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংবিরোধী সেমিনার, সচেতনতামূলক সভা ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করে থাকে। তবুও এমন অভিযোগ সামনে আসায় ক্যাম্পাসে আবারও র‍্যাগিং প্রতিরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD