Logo

গবেষণায় ডুয়েটের উত্থান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে অগ্রগতি

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৩ এপ্রিল, ২০২৬, ১৭:১৪
গবেষণায় ডুয়েটের উত্থান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে অগ্রগতি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন সংস্থা SCImago Institutions Rankings (সিমাগো)-এর ২০২৬ সালের প্রকাশিত তালিকায় গবেষণা ক্যাটাগরিতে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।

বিজ্ঞাপন

একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়েটের সামগ্রিক অবস্থান দাঁড়িয়েছে ১১তম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এ অর্জনকে ডুয়েটের জন্য গৌরবজনক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ স্বীকৃতি কেবল একটি র‍্যাংকিং নয়, বরং দীর্ঘদিনের একাডেমিক চর্চা, গবেষণায় নিষ্ঠা এবং উদ্ভাবনী প্রয়াসের প্রতিফলন।

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি সুসংগঠিত রোডম্যাপ অনুসরণ করে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা বৃদ্ধি এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করছে। এর ফলে গবেষণার পরিবেশ যেমন উন্নত হয়েছে, তেমনি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণও বেড়েছে।

উপাচার্য আরও বলেন, ডুয়েটকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক উৎকর্ষতা এবং গবেষণার আন্তর্জাতিকীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়ানো এবং মেধাবী শিক্ষক-শিক্ষার্থী আকর্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ অর্জনে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় ডুয়েটের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

চলতি বছরের সিমাগো র‍্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশ থেকে মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব—এই তিনটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয় এবং প্রতিটি সূচকে পৃথকভাবে পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD