জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিতর্কিত ভূমিকা, শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, হুমকি এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকেও সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন— লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিজ্ঞাপন
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছিল। এসব অভিযোগ পর্যালোচনার পর সিন্ডিকেট এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। এ বিষয়ে একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।








