Logo

যবিপ্রবির জাস্ট ডিরেক্টরিতে যুক্ত হলো অফলাইন ডায়েরি সুবিধা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৫
যবিপ্রবির জাস্ট ডিরেক্টরিতে যুক্ত হলো অফলাইন ডায়েরি সুবিধা
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’-তে নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘অফলাইন ডায়েরি’ সুবিধা। এর ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাপটিতে সংরক্ষিত প্রয়োজনীয় যোগাযোগ নম্বর খুঁজে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) নতুন এই সুবিধা যুক্ত করার পর দুই দিন বন্ধ থাকার পর অ্যাপটি পুনরায় চালু করা হয়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট অথবা নতুন করে ডাউনলোড করা যাবে।

‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগের তথ্য সহজে পাওয়া যায়। এতদিন নম্বর খুঁজতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হলেও নতুন সুবিধার ফলে অফলাইনেও সংরক্ষিত কনট্যাক্ট নম্বর অনুসন্ধান করা যাবে।

যবিপ্রবির প্রথম অফিসিয়াল ডিরেক্টরি অ্যাপ হিসেবে ‘জাস্ট ডিরেক্টরি’তে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য দ্রুত খুঁজে পাওয়ার সুবিধা রয়েছে। নাম, পদবি কিংবা অফিসের নাম দিয়ে অনুসন্ধানের পাশাপাশি অ্যাপ থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে সরাসরি কল ও ই-মেইল করা যায়।

বিজ্ঞাপন

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ, বিভিন্ন বিভাগ, স্নাতক ভর্তি ও অন্যান্য প্রয়োজনীয় সেবার তালিকা ও লিংক রয়েছে অ্যাপটিতে। শিক্ষার্থীদের জন্য ডিআইসিএস ও পরীক্ষা-সংক্রান্ত পোর্টালেও প্রবেশের সুবিধা রাখা হয়েছে। এসব পোর্টালের মাধ্যমে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা নেওয়া যায়।

অ্যাপটির ডেভেলপার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, “বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় নম্বর খুঁজতে আগে হার্ড কপি ডায়েরি বের করে আলাদাভাবে খুঁজতে হতো। একসঙ্গে সব নম্বর পাওয়া যেত না। সেখান থেকেই সব যোগাযোগ নম্বর এক জায়গায় রাখার চিন্তা থেকে ‘জাস্ট ডিরেক্টরি’ তৈরি করি। প্রথম দিকে অ্যাপটি ব্যবহারে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতো। পরে মনে হলো, অনেক সময় ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগের বাইরে থাকেন, অথচ তখনই জরুরি প্রয়োজনে কোনো নম্বরের প্রয়োজন হতে পারে। তাই সবার সুবিধার কথা বিবেচনা করে অ্যাপটিতে ‘অফলাইন ডায়েরি’ সুবিধা যুক্ত করা হয়েছে।”

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফ আবিদ মাহি বলেন, জাস্ট ডিরেক্টরিতে অফলাইন ডায়েরি সুবিধা যুক্ত হওয়াটা আমাদের জন্য বেশ কাজে দেবে। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা বা দপ্তরের নম্বর জরুরি প্রয়োজন হয়, কিন্তু তখন ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। সেক্ষেত্রে ইন্টারনেট ছাড়াই যদি প্রয়োজনীয় নম্বর খুঁজে বের করা যায় তাহলে সময় বাঁচবে, সঙ্গে ভোগান্তিও কমবে। বিশেষ করে ক্যাম্পাসে বা বাইরে জরুরি প্রয়োজনে এই সুবিধাটি শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে।

বিজ্ঞাপন

‘অফলাইন ডায়েরি’ সুবিধাটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপটি আপডেট করতে হবে। আর যারা আগে অ্যাপটি ইনস্টল করেননি, তারা নতুন করে ডাউনলোড করে সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD