Logo

উপাচার্যের কক্ষে মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ক্যাম্পাস প্রতিনিধি
ক্যাম্পাস প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ২২:০৩
উপাচার্যের কক্ষে মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে তাঁর উপস্থিতিতেই কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার নেতাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া চার কর্মকর্তাই জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের শীর্ষ চারটি পদে দায়িত্ব পালন করছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক ও ফোরামের সাধারণ সম্পাদক মো. মামদুদুর রহমান, সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ও সহসভাপতি ড. মো. জিয়াউল হক, সংস্থাপন শাখা-১-এর উপ-রেজিস্ট্রার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম এবং ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ও ফোরামের সভাপতি ড. রোকনুজ্জামান।

বৃহস্পতিবার রাতে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, একই সংগঠনের শীর্ষ চার নেতাকে একসঙ্গে সাময়িক বরখাস্তের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতারা অভিযোগ করেছেন, সংগঠনটির নেতাদের কোণঠাসা করতেই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, ঘটনার তদন্তে গঠিত কমিটি ছিল কেবল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি; সেখানে কাউকে বরখাস্তের সুপারিশ করা হয়নি। এমনকি সাময়িক বরখাস্তের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি বলে দাবি করেছেন তাঁরা।

সংঘর্ষের সময় উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের অভিযোগ, উপাচার্যের কার্যালয়ে তাঁর সামনেই মারামারি হলেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেননি। তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করা হলে পরিস্থিতি এত দূর গড়াত না বলেও মনে করছেন তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইউজিসির পাঠানো চিঠি নিয়ে উপাচার্যের কক্ষে আলোচনা চলার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ফুলের টব ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

সংঘর্ষে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউর রহমান আহত হন। রফিকুল ইসলামের মাথায় আঘাত লাগায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

ঘটনার পরদিন ৬ নভেম্বর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানাকে কমিটির আহ্বায়ক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেনকে সদস্যসচিব এবং শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. জিন্নাতুল বাশারকে সদস্য হিসেবে রাখা হয়।

তদন্ত কমিটি গঠনের পর এবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এ সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক পদক্ষেপের যৌক্তিকতা ও তদন্তপ্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD