কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করা এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন।
আহত অটোরিকশাচালক জানান, ঘটনার সময় তিনি আরেকজনের সঙ্গে সেখানে বসে গল্প করছিলেন। হঠাৎ কাছাকাছি বিকট শব্দ শুনতে পান। এ সময় কাঁধের কাছে কোনো একটি বস্তু এসে লাগলে তিনি ব্যথা অনুভব করেন।
আহত শিক্ষার্থী বলেন, ‘আমি গেটে দাঁড়িয়ে ছিলাম। ভেতরে ঢোকার সময় হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন আমার দুই পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। হাঁটতে না পেরে বসে পড়ি এবং কান্না করছিলাম। পরে কয়েকজন এসে আমাকে মেডিকেলে নিয়ে যান।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে একটি বিকট শব্দ শুনতে পাই। পরে আনসার সদস্যের কাছ থেকে জানতে পারি, সেখানে ককটেল বিস্ফোরিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখি, কৌটা দিয়ে আলপিনসহ কিছু উপকরণ ব্যবহার করে ককটেলটি তৈরি করা হয়েছিল। বিস্ফোরণের পর ধোঁয়া তৈরি হওয়ায় কাউকে দেখা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করব। বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানানো হবে।’
ঘটনার পর বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানোর কথা জানিয়েছেন প্রক্টর।








