পবিপ্রবির প্রশাসনিক ভবন থেকে প্রায় পাঁচ লাখ টাকার ক্যাবল চুরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক ভবনের ভেতর থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিব মিয়া বাদী হয়ে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ের সাব-স্টেশন থেকে পুরোনো আন্ডারগ্রাউন্ড ক্যাবল প্রকৌশল বিভাগের ভাণ্ডারে সংরক্ষণের জন্য আনা হয়। তবে ভাণ্ডারে পর্যাপ্ত জায়গা না থাকায় ক্যাবলটি প্রকৌশল বিভাগের করিডোরে রাখা হয়েছিল।
গত ১৯ নভেম্বর সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ কিবরিয়া করিডোরে রাখা 1C-4 x 120sqmm Cable NYY-এর ৫০ মিটার ক্যাবল দেখতে পান। চুরি হওয়া এই ক্যাবলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
অভিযোগে বলা হয়, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই স্থানে গিয়ে ক্যাবলটি আর পাওয়া যায়নি। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে জানানো হলে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।
ফুটেজে গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে দুই ব্যক্তিকে তাদের সহযোগীদের নিয়ে ক্যাবলটি সরিয়ে নিতে দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আরও উদ্বেগের বিষয় হলো, ওই স্থান থেকে এর আগেও দুই দফায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ধারাবাহিক এসব চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা চুরির ঘটনায় লিখিত অভিযোগ করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








