ডাকসুর কার্যক্রম মূল্যায়নে চালু হলো নতুন রেটিং প্ল্যাটফর্ম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিদায়ী কমিটির এক বছরের কার্যক্রম শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করেছে, তা জানার জন্য চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘ডাকসু রেটিং সাইট’। শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মে বিদায়ী ডাকসুর কার্যক্রম সম্পর্কে নিজেদের মূল্যায়ন দেওয়ার পাশাপাশি আগামী ডাকসুকে ঘিরে প্রত্যাশা ও মতামত জানাতে পারবেন।
বিজ্ঞাপন
উদ্যোক্তাদের ভাষ্য, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে এবং ১৩ সেপ্টেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে—এসব বিষয়ে শিক্ষার্থীদের মতামত এক জায়গায় তুলে ধরাই প্ল্যাটফর্মটির অন্যতম উদ্দেশ্য।
‘ডাকসু রেটিং সাইট’-এ ঢাবির বৈধ শিক্ষার্থীরা নিজেদের প্রাতিষ্ঠানিক একাডেমিক ই-মেইল ব্যবহার করে লগইন করতে পারবেন। এরপর বিদায়ী ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে রেটিং দেওয়ার পাশাপাশি নিজেদের প্রত্যাশা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্যোক্তাদের দাবি, প্ল্যাটফর্মে জমা দেওয়া রেটিং ও মতামত প্রকাশ্য রাখা হবে। ফলে মতামত দেওয়া শিক্ষার্থীর পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও লগইন ছাড়াই প্রকাশিত মূল্যায়ন দেখতে পারবেন। এর মাধ্যমে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
এই উদ্যোগের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্জুন শীল। প্রকাশিত প্রতিবেদনে তাকে জগন্নাথ হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সাইটটির উন্নয়ন ও কারিগরি সহায়তায় একই বিভাগের শিক্ষার্থী অভিক সুর এবং তার প্রতিষ্ঠান ‘ফ্যালকনসেক ইন্ডিজেন্স’ যুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
অর্জুন শীল বলেন, শিক্ষার্থীদের মতামত ও মূল্যায়নকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসার পাশাপাশি ছাত্র নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্যোক্তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের সরাসরি মতামত থেকে বিদায়ী ডাকসুর কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে আগামী ডাকসুর কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা ও অগ্রাধিকারের বিষয়গুলোও সামনে আসবে।
শিক্ষার্থীরা ‘ডাকসু রেটিং সাইট’-এ গিয়ে বিদায়ী কমিটির কার্যক্রম মূল্যায়ন এবং আগামী ডাকসু নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন।








