এক বছরের সকল কার্যক্রমের তথ্য তুলে ধরলেন ডাকসু নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছর মেয়াদ পূর্তি উপলক্ষে নিজেদের কার্যক্রম, অর্জন ও বাস্তবায়নাধীন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন নির্বাচিত নেতারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এসব তথ্য জানান। অনুষ্ঠানে ডাকসুর অন্য নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ডাকসু নেতাদের দাবি, দায়িত্ব পালনের এক বছরে পরিবহন, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গবেষণা, ক্রীড়া, সংস্কৃতি, আইনি সহায়তা ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে প্রশাসন ও সরকারের সহযোগিতা না পাওয়ায় বেশ কিছু পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি বলেও তারা দাবি করেন।
ভিপি আবু সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের পরিবহনসেবা উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচটি নতুন হল ও ১০টি ভবন নির্মাণ, শাটল সার্ভিস চালু, মেডিকেল সেন্টার এবং কেন্দ্রীয় মসজিদ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান তিনি। তার দাবি, এক বছরে ৪০০-এর বেশি শিক্ষার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন হলে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সংস্কারের জন্য বাজেট আদায়ের উদ্যোগও নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
হল ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধায় নানা উদ্যোগ
ডাকসু নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের রিডিংরুমে এসি স্থাপন ও আধুনিকায়নের কাজ হয়েছে। নিয়মিত শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার সেন্টার, জিমনেসিয়াম ও ব্রেস্টফিডিং রুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা। এসব সুবিধার জন্য বাজেট বরাদ্দের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
বিজ্ঞাপন
ছাত্রীদের হলগুলোর সমস্যা সমাধানেও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান ডাকসু নেতারা। যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে করণীয় প্রস্তাব দেওয়ার পাশাপাশি এসব ঘটনায় ভুক্তভোগী শতাধিক শিক্ষার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেন ভিপি। এ বিষয়ে কমিটি গঠনসহ আরও কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
স্বাস্থ্য, গবেষণা ও সংস্কৃতিতে কার্যক্রম
ডাকসুর পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন কমনরুম আধুনিকায়ন, গবেষণা ও উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মেডিকেল সেন্টারের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসহ স্বাস্থ্যসেবা খাতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সংস্কৃতি ও প্রকাশনা খাতে বিষয়ভিত্তিক সাহিত্য, সাময়িকী ও বই প্রকাশের কার্যক্রম চালু রয়েছে বলেও জানান নেতারা। সুফিয়া কামাল হলের ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ ও একটি যাত্রীছাউনি অপসারণ এবং আরেকটি যাত্রীছাউনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ কমানোর উদ্যোগের পাশাপাশি চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের তালিকা, নির্ধারিত পোশাক ও ভাড়ার চার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
ক্যাম্পাসের আটটি গেটে যান চলাচলে সহায়তার জন্য ডিএমপির সঙ্গে সমন্বয়ের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর সেটি স্থগিত রয়েছে বলে দাবি করেন ডাকসু নেতারা।
বিজ্ঞাপন
ক্রীড়া ও খাদ্যসেবায় পরিবর্তনের দাবি
শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।
টিএসসিতে স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা সম্ভব হলেও টিসিবির পণ্য কম দামে বিক্রির মতো কয়েকটি পরিকল্পনা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে ডাকসু নেতারা জানান।
বিজ্ঞাপন
পরিবেশ সংরক্ষণ ও গ্রিন ক্যাম্পাস গড়ার লক্ষ্যেও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তারা। এর মধ্যে ডাস্টবিন স্থাপন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ রয়েছে।
শিক্ষক মূল্যায়ন নিয়ে অনলাইন উদ্যোগ
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়ে ডাকসু নেতারা জানান, বিষয়টি এসএমটি ও একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর সিন্ডিকেটে উপস্থাপন করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এটি এখনো বাস্তবায়ন করা হয়নি বলে তাদের অভিযোগ।
বিজ্ঞাপন
এ অবস্থায় শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য ডাকসুর নিজস্ব উদ্যোগে শিক্ষক মূল্যায়নের অনলাইন সাইট চালু করা হয়েছে বলে জানান তারা।
এ ছাড়া রেজিস্ট্রার বিল্ডিংয়ের সেবা সহজীকরণ, কেন্দ্রীয় লাইব্রেরির সম্প্রসারণ এবং বিভিন্ন লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেবামূলক কাজে অ্যালামনাইদের সম্পৃক্ত করা, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়।
হলের সিকবয় ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দিতে ফার্স্ট এইড বুট ক্যাম্প আয়োজনের কথাও তুলে ধরেন ডাকসু নেতারা।
বিজ্ঞাপন
যেসব উদ্যোগ এখনো আটকে
ডাকসু নেতারা জানান, এক বছরে বেশ কিছু কাজ এগোলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে সব হলে কম্পিউটার ল্যাব স্থাপন, এআই ও প্রোগ্রামিং প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন সহায়তা, ইনোভেশন হাব এবং জব ফেয়ারের মতো উদ্যোগ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাঠ সংস্কার প্রকল্প ও ডিজিটাল সার্ভের কাজও বন্ধ রয়েছে বলে দাবি করেন তারা। স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এ এফ রহমান হলের প্রবেশদ্বার, ডাকসু ক্যাফেটেরিয়া সংস্কার, পুকুরপাড় বাঁধাই, ওয়াকওয়ে, লাইটিং ও সৌন্দর্যবর্ধনসহ পাঁচটি প্রকল্পও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান তারা।
এ ছাড়া রেজিস্টার্ড রিকশা চালু, পুলিশ কর্মকর্তা নিয়োগ এবং পুরোনো যানবাহন নিলামে দিয়ে দুটি মিনিবাস ও দুটি মাইক্রোবাস কেনার উদ্যোগ অনুমোদিত হলেও বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন ডাকসু নেতারা।
তাদের ভাষ্য, এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও সরকারের সহযোগিতার ঘাটতি রয়েছে। তবে নিজেদের মেয়াদে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতির কারণে একদিনের জন্যও ক্লাস বা পরীক্ষা বন্ধ হয়নি এবং ডাকসু ভবনের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তারা।
এ ছাড়া জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে কর্মসূচি আয়োজন, আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে অবস্থান, হল সংসদ ও সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমে সমন্বয় এবং জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়েছে বলে জানান ডাকসু নেতারা। বিভিন্ন রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের কথাও তুলে ধরেন তারা।
সিনেটে ডাকসুর প্রতিনিধিত্বের প্রসঙ্গে নেতারা জানান, বিভিন্ন স্থাপনা থেকে ঐতিহাসিকভাবে বিতর্কিত ব্যক্তিদের নাম অপসারণের দাবিতে সিনেট অধিবেশন থেকে তারা ওয়াকআউট করেছেন। একই সঙ্গে এক বছরে দুই দফায় ডাকসু ও হল সংসদের সদস্যদের নিয়ে বৈঠক করে নিজেদের কার্যক্রমের বিবরণ দেওয়া হয়েছে বলেও জানান তারা।








