Logo

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৮
ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির নেতাকর্মীদের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) জবি শাখা ছাত্রদলের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন।

রাকিবুল ইসলাম রাকিবের প্রশংসা করে রইছ উদ্‌দীন বলেন, ‘ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর রাকিবুল ইসলাম রাকিবকে অনুসরণ করা উচিত। রাকিব কোনো প্রটোকল মেইনটেইন করে না, কোনো বাইন্ডিংস, কোনো আবেগ মেইনটেইন করে না। শুধু দলের জন্য পাগল।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ধারণের আহ্বান জানান। তিনি বলেন, সত্যিকারের দেশপ্রেম যদি কেউ শিখিয়ে গিয়ে থাকেন, তাহলে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দেওয়া, রণাঙ্গনে নেতৃত্ব দেওয়া এবং শাহাদাতের মধ্য দিয়েও তিনি দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রইছ উদ্‌দীন আরও বলেন, ‘কারো মঞ্জিল ইন্ডিয়া, কারো পাকিস্তান, কারো চীন। আমাদের মঞ্জিল একটাই।’ এ সময় তিনি বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমার ঠিকানা এই দেশ, এই মাটি।’ পরে তিনি ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমাদের যদি গুপ্ত রাজনীতি করতে উৎসাহিত করে, নোংরামি করতে উৎসাহিত করে, তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান করবে।’ এ ধরনের রাজনীতি থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিসিএসকে জীবনের একমাত্র লক্ষ্য না বানানোর পরামর্শ দিয়ে রাকিব বলেন, বিসিএস ক্যাডার হতে না পারলে জীবন, পরিবার বা ক্যারিয়ার শেষ—এমন ধারণা ভুল। দেশের গার্মেন্টস খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানাসহ অন্যরা।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD