১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির শিক্ষার্থী সিয়াম

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে সিয়াম প্রথম স্থান অর্জন করেন।
সাফল্যের অনুভূতি জানিয়ে আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইন বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ধৈর্য ধরে প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। সিয়াম বলেন, দীর্ঘ এই যাত্রায় প্রস্তুতির সময় প্রতিদিন একই ধরনের সাফল্য আসবে না। কখনো ঘাটতি থাকবে, আবার কখনো ভালো ফল আসবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করা গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রত্যেকের উচিত নিজের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পরিশ্রম করা এবং সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখা।
সিয়ামের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে, এটা অবশ্যই আমার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।’
এ সময় সিয়ামসহ ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জনকে অভিনন্দন জানান আইন বিভাগের সভাপতি।








