Logo

দাবি না মানা পর্যন্ত চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২২
দাবি না মানা পর্যন্ত চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন
ছবি: সংগৃহীত

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও মানববন্ধন করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতেও তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দিনভর বিভিন্ন স্লোগানে ক্যাম্পাসে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা এক দফা দাবি ঘোষণা করেন। তাদের দাবি, ‘অবিলম্বে সদ্য জারি করা উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করতে হবে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি ও মানবিক সেবার জন্য নিরাপত্তা শাখা ও মেডিকেল সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এ ছাড়া সকাল ৮টা থেকে উপাচার্য ভবনের সামনে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ ব্যাচসহ সব শিক্ষার্থীর অংশগ্রহণে গণঅবস্থান ও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যাপক সায়েমকে পুনর্বহালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘আমাদের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) আমরা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও। উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। এতে শিক্ষক সমিতির পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরাও অংশ নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানববন্ধনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. বসির জিসান বলেন, ‘গতকাল আবু সাদাত সায়েম স্যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি জানতে পারেন, তিনি আর উপাচার্য পদে নেই। এটি অত্যন্ত অপমানজনক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আবু সাদাত সায়েম স্যার আমাদের স্বপ্ন দেখিয়েছেন কীভাবে একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এ জন্যই একজন উপাচার্যকে তার পদে পুনর্বহালের দাবিতে নজিরবিহীন আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষক সমাজও এতে যুক্ত হয়েছেন। আমরা আমাদের ড. আবু সাদাত সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল চাই।’

এর আগে ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD