অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার এবং চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা নীরবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে শিক্ষার্থী ফারহা খানম বলেন, আমাদের ভাই হারানোর যে শোক, সেই শোক থেকেই আমরা প্রতিবাদে নেমেছি। একই সঙ্গে আমাদের চার দফা দাবির অগ্রগতি কতদূর, প্রশাসনের কাছে সেটিও জানতে চাই।
শিক্ষার্থী শাহানাজ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের বয়সের কারণে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা একজন মানুষকে হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত, তাদের শুধু বয়সের বিবেচনায় শাস্তির আওতার বাইরে রাখার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের আইনি সীমাবদ্ধতা ও অসঙ্গতি দূর করার উদ্যোগ নেওয়া এবং অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানাই।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরেক শিক্ষার্থী মাহিন বলেন, আমরা দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন আসামিদের বয়স নিয়ে দ্বিচারিতা করছে। তাদের শাস্তি এড়ানোর জন্য বয়স লুকিয়ে সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি নির্মাণসহ আমাদের চার দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
এর আগে সোমবার একই দাবিতে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সেখানে তারা পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।








