Logo

তুহিনদের খামারে নিয়ে অপ্রতিমকে মারধর করা হয়, উঠে এলো আরও রোমহর্ষক তথ্য

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৫
তুহিনদের খামারে নিয়ে অপ্রতিমকে মারধর করা হয়, উঠে এলো আরও রোমহর্ষক তথ্য
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে আসছে। এ ঘটনায় আটক তুহিন হোসেনকে (১৯) ঘিরে স্থানীয়দের নানা অভিযোগের পাশাপাশি অপ্রতিমকে পাহাড়ের টিলার ওপর থাকা একটি খামারে নিয়ে মারধর করা হয়েছিল বলেও দাবি করেছেন কয়েকজন বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা ও কোটবাড়ী এলাকায় তুহিন কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মোবাইল ফোন, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস ছিনতাই এবং কোটবাড়ী-শালবন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে কোটবাড়ী সান্দনা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই এলাকায় ‘ফ্লাইং বার্ড’ ও ‘কিংস অব কোটবাড়ী’ নামে একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্রুপে শতাধিক সদস্য রয়েছে বলেও তাদের দাবি। স্থানীয় ও পর্যটকদের কাছ থেকে মোবাইল, টাকা, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এসব গ্রুপের বিরুদ্ধে।

বাসিন্দাদের দাবি, তুহিনেরও নিজস্ব একটি কিশোর গ্যাং রয়েছে। পাহাড়ের টিলার ওপর তুহিনদের একটি খামার রয়েছে। অপ্রতিমকে ওই খামারে নিয়ে মারধর করা হয়েছিল বলে তারা দাবি করেন। ঘটনাটি অনেকে দেখলেও তুহিনের ভয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাইছেন না বলেও জানান তারা।

বিজ্ঞাপন

এদিকে অপ্রতিমের হারিয়ে যাওয়া আইফোনটি শনিবার রাতে তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তুহিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার মো. নুরুল আলমের ছেলে। তিনি কুমিল্লা গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ২০২৫ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। তবে ওই বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেননি।

বিজ্ঞাপন

অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিকেলে তুহিনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুহিনের বিরুদ্ধে অতীতেও চুরির অভিযোগ করা হয়েছিল বলে দাবি করেছেন আসাদুল্লাহ সোহাগ নামে এক ব্যক্তি। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারির একটি লিখিত অভিযোগের কপি প্রকাশ করেন। ওই অভিযোগে তার মোটরসাইকেল চুরির ঘটনায় তুহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল বলে তিনি জানান।

আসাদুল্লাহ সোহাগের দাবি, তাকেও একইভাবে ডেকে নিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, তুহিনের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছিল। পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত চলছে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “পুরো ঘটনার বিস্তারিত রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে তুলে ধরবেন কুমিল্লা পুলিশ সুপার মহোদয়।”

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের অগ্রগতির বিষয়ে ওই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD