অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে অবস্থান নেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়। অবরোধের কারণে উভয় পাশে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুই পাশে যানজট বাড়ছে। অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশে সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করা হয়। পরে আনাস নামের আরও একজনকে আটক করা হয়েছে। অপ্রতিমের ব্যবহৃত আইফোনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।
এর আগে রবিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।








