অপ্রতিম হত্যা নিয়ে সংবাদ সম্মেলন, বিস্তারিত তথ্য জানাবে পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিষয়ে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করবে জেলা পুলিশ। সেখানে হত্যার ঘটনা ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের পুরো ঘটনা এবং তদন্তের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তদন্তসংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ওই কিশোরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করা হয়েছে। পরে আনাস নামে আরও একজনকে আটক করা হয়। আইফোন নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।
এদিকে রবিবার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।








