হত্যার পর মাটিতে পড়ে মা, নিথর দেহের ওপর বসে কাঁদছিল ২ বছরের শিশু

ভারতের কর্ণাটকে পাথর দিয়ে আঘাত করে ২৬ বছর বয়সী এক নারীকে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনার সময় ওই নারীর সঙ্গে তার দুই বছরের শিশুও ছিল। মাকে হত্যার সময় কিছু বুঝতে না পারলেও পরে মায়ের মরদেহের ওপর বসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় শিশুটিকে।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত নারীর স্বামী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ওই নারী পরকীয়ায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত নারীর নাম স্নেহা। তিনি কর্ণাটকের রাইচুরের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে স্থানীয় কয়েকজন মানুষ উপস্থিত হন। তারা দেখতে পান, স্নেহার দুই বছরের সন্তান তার মায়ের মরদেহের ওপর উঠে বসে আছে এবং মায়ের জন্য কাঁদছে। মাকে হারানোর বিষয়টি বুঝতে না পারলেও শিশুটিকে মায়ের মরদেহের পাশে অসহায় অবস্থায় কাঁদতে দেখা যায়।
পরে পুলিশ স্নেহার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রাইচুর পুলিশের এসপি অরুণাংশু গিরি বলেছেন, স্নেহার সঙ্গে কী হয়েছে এবং তাকে কীভাবে হত্যা করা হয়েছে সেটি জানতে তার স্বামী ও প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্নেহা পরকীয়ায় লিপ্ত ছিলেন। তার সঙ্গে কী হয়েছে এবং তাকে কে হত্যা করেছে সেটি খুঁজে বের করতে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে








