Logo

ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৭ শিক্ষার্থী

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
কুষ্টিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১০
ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৭ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুই বিভাগের ম্যাচ চলাকালে এ সংঘর্ষ হয়। এর আগে একই দিন সকালেও ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এক গোলে এগিয়ে ছিল। খেলার শেষ দিকে থ্রো-ইন হলে বল আনতে যান হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর। এ সময় বল দেওয়া নিয়ে দর্শকসারিতে থাকা ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষ লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংঘর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের হুমায়ুন কবির এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মশিউর, আলিফ খান, আলিফ রাহাত ও তোফাজ্জলসহ অন্তত সাতজন আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে আলিফ খানকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, খেলার শেষ মুহূর্তে থ্রো-ইন হওয়ায় মশিউর বল আনতে গেলে ইসলামের ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষার্থী সময়ক্ষেপণের উদ্দেশ্যে বলটি দূরে সরিয়ে দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মশিউরকে মারধর করা হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের দাবি, থ্রো-ইনের পর বল দেওয়ার সময় সামনে থাকা একজনের পায়ে লেগে সেটি কিছুটা দূরে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মশিউর ইচ্ছাকৃতভাবে বল দূরে সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে কথা কাটাকাটি শুরু করেন। পরে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তারা।

আহত শিক্ষার্থী হুমায়ুন কবির জানান, বল নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে পেছন থেকে ধরে ফেলে দেওয়া হয়। পরে কয়েকজন তাকে মারধর করেন। এতে তার মুখ ও দাঁতে আঘাত লাগে।

ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. বদিউজ্জামান বলেন, আহত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী মেডিকেলে আসেন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। অন্যদের মধ্যে একজনের মাথায় আঘাত এবং আরেকজনের ঠোঁট ও দাঁতে আঘাত থাকায় চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দফায় দফায় সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ক্রীড়া আয়োজন উপ-কমিটি। উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। বিভাগীয় সভাপতিদের মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আহত শিক্ষার্থীদের মেডিকেলে পাঠানো হয়েছে। দুই বিভাগের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে ফুটবল খেলা স্থগিত রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD