Logo

আন্দোলনের ২১ দিন পর চুয়েটে প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৬, ১১:৩৯
আন্দোলনের ২১ দিন পর চুয়েটে প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ২১ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রাউজানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছান। পরে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে উপাচার্যের কার্যালয়ে যান।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

একই দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরিফুল আলমের নিয়োগের পর থেকে তার ক্যাম্পাসে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এমন পরিস্থিতিতে সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নতুন উপাচার্যের প্রবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD