মোহাম্মদপুরে বিক্ষোভ, রাশেদ প্রধানের পিএস পুলিশ হেফাজতে

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাশেদ প্রধানের মন্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
ঘটনার এক পর্যায়ে অভিযোগ ওঠে, রাশেদের পিএস জনি নন্দী বিক্ষোভকারীদের উদ্দেশ করে উসকানিমূলক আচরণ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিজ্ঞাপন
এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নেয়। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।








