সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি

সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে আগ্রহী বহু প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই প্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড আগামী দুই দিন—শুক্রবার ও শনিবার (১৮ এপ্রিল)—বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে।
বিজ্ঞাপন
রিজভী আরও জানান, বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
সাক্ষাৎকারের সময়সূচি অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের ডাকা হয়েছে। আর শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
বিজ্ঞাপন
দলীয় সূত্র বলছে, এ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও প্রতিযোগিতামূলক প্রার্থীদের বাছাই করে সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। বিএনপি নেতৃত্ব মনে করছে, এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দলের নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং জাতীয় সংসদে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে।








