টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

গণভোটের ফল বাস্তবায়নের দাবিকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। টানা ১৫ দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী আন্দোলন জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘চলমান আন্দোলনের পরবর্তী ধাপ’ শীর্ষক আলোচনায় এ কর্মসূচি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। এর পরবর্তী ধাপে ২৫ এপ্রিল ঢাকার বাইরে দেশের সব বিভাগীয় শহরে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২ মে দেশের প্রতিটি জেলা শহরে একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে গণভোটের দাবি জনগণের মাঝে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জোট নেতারা।
জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, ২ মে’র পরবর্তী সময় থেকে বিভাগীয় শহরগুলোতে বড় আকারের সমাবেশ আয়োজন করা হবে। পাশাপাশি দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় বিক্ষোভ সমাবেশের পরিকল্পনাও রয়েছে, যেখানে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
এই ধাপের কর্মসূচি শেষ হলে রাজধানীতে একটি বড় সমাবেশের আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয়। তবে সেই সমাবেশের নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে জোট।
জোট নেতারা আশা করছেন, ধারাবাহিক এই কর্মসূচির মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নে জনমত আরও জোরদার হবে এবং আন্দোলন নতুন গতি পাবে।








