জ্বালানি সংকট না থাকলে প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং কেন?

দেশে জ্বালানি সংকট না থাকলে প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং কেন হচ্ছে—এ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় সংসদ ও সংসদের বাইরে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন ছিল। তবে বাস্তবে সে ধরনের উদ্যোগ চোখে পড়ছে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে অভিযোগ করা হচ্ছে কিছু ব্যক্তি মজুত করে চোরাই পথে তেল বিক্রি করছে। এ ধরনের বক্তব্য সরকারের ব্যর্থতার প্রতিফলন বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
জামায়াত আমির আরও বলেন, জনগণ বাস্তবতা সম্পর্কে সচেতন। কোথা থেকে তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, সেটিও তারা জানে। তাই জ্বালানি সংকট না থাকলে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের ব্যাখ্যা কী—সে প্রশ্ন তুলেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন এক ফ্যাসিবাদের সূচনা হয়েছে। তার দাবি, ভবিষ্যতের এই ফ্যাসিবাদ অতীতের চেয়েও ভয়াবহ হতে পারে।
বিজ্ঞাপন
বিচার বিভাগ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি নিরপেক্ষ সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। এর ফলে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।








