ঢাকা শহরের যানজট নিরসনে বিভিন্ন এলাকা পরিদর্শন

ঢাকা শহরের যানজট নিরসন এবং প্রগতি সারণীর সমান্তরালে উত্তর-দক্ষিণ বরাবর ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রস্তাবিত ১৩০ ফুট সড়ক নির্মাণের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ইউনাইটেড, সানভ্যালী ও আফতাবনগর এলাকা পরিদর্শন করেন তারা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রণীত সমন্বিত বিস্তারিত এলাকা পরিকল্পনা অনুযায়ী ২০২২ সাল থেকে ২০৩৫ সাল পর্যন্ত ঢাকা মহানগরের যানজট নিরসনে এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে প্রগতি সারণীর সমান্তরালে উত্তর-দক্ষিণ বরাবর একটি প্রস্তাবিত ১৩০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে রাজউক।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এবং রাজউক-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রস্তাবিত সড়ক নির্মাণের সম্ভাব্য রুট, ভূমি ব্যবস্থাপনা, ব্রিজ নির্মাণ, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।








