Logo

বিজিবির নিরাপত্তার চাদরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন, ২০২৬, ২১:১৭
বিজিবির নিরাপত্তার চাদরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থান
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর এবং মহাখালীসহ বিভিন্ন কৌশলগত পয়েন্টে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি চালানো হচ্ছে।

এর আগে দেশের বিভিন্ন অঞ্চলেও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়। কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় সদস্য মোতায়েনের বিষয়টি সোমবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর নিশ্চিত করেছিল।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে, পরিস্থিতির প্রয়োজন হলে দেশের অন্যান্য জেলাতেও দ্রুত সদস্য মোতায়েনের জন্য প্রস্তুতি রাখা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন ইউনিটকে স্ট্যান্ডবাই অবস্থায় রাখা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে কয়েকটি এলাকায় সেনাবাহিনীকেও টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। মধ্যরাত থেকেই গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি অভিযোগ করেন, বিদেশে পাচার হওয়া অর্থের সহায়তায় একটি গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এমন যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার ৩০০ ফুট সড়কে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করে। একইভাবে ভোলা, রাঙ্গামাটি এবং দেশের আরও কয়েকটি জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশ ও অবস্থান কর্মসূচি আয়োজন করেন। তাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও সংশ্লিষ্টদের গোপন তৎপরতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদেই এসব কর্মসূচি পালন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে বা সরকারকে বিব্রত করার চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার পরিকল্পনা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD