Logo

প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯ খাল দখলমুক্ত অভিযানে ডিএনসিসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ১৮:০১
প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯ খাল দখলমুক্ত অভিযানে ডিএনসিসি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে নগরবাসীকেও সম্পৃক্ত করার কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে ঢাকার অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে এবং ধীরে ধীরে বিভিন্ন দখলদারের নিয়ন্ত্রণে চলে গেছে। এসব খাল পুনরুদ্ধার না করা গেলে রাজধানীকে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট থেকে রক্ষা করা কঠিন হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নগর উন্নয়ন এবং বাসিন্দাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খালগুলো দখলমুক্ত করার বিকল্প নেই। এ কাজে যত ধরনের প্রতিবন্ধকতাই আসুক না কেন, জনগণকে সঙ্গে নিয়েই ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল উদ্ধার করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে শফিকুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পাঁচ লাখ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

পরিবেশ রক্ষায় নগরবাসীর অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি সবাইকে নিজ নিজ বাসার ছাদে বাগান করার আহ্বান জানান। তবে ছাদবাগান পরিচর্যার সময় যেন কোথাও পানি জমে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন।

বিজ্ঞাপন

পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের দায়িত্বের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করা প্রয়োজন। এতে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সহজ হবে।

তিনি বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কাজ করছে। জনগণের স্বার্থে যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠান শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD