Logo

৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএসসিসির কঠোর পদক্ষেপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১৬:৫৬
৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএসসিসির কঠোর পদক্ষেপ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) করা মামলায় মানহীন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

ডিএসসিসি জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত ল্যাবরেটরি পরীক্ষায় কয়েকটি খাদ্যপণ্য নির্ধারিত মানে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৬, ২৭, ৩৯ ও ৪১ ধারায় ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২-এ চারটি মামলা দায়ের করা হয়।

গত ২ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের পরীক্ষার প্রতিবেদনে এসব খাদ্যপণ্য মানহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত হয়। পরে ৮ জুলাই আদালতের বিচারক মাহমুদুল হক (ঢাকা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ) মামলাগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলাভুক্ত প্রতিষ্ঠান ও খাদ্যপণ্যগুলো হলো— বিদেশি প্রতিষ্ঠান ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং ‘ইস্ট কেক পুর পিঠা (ইনট্যাক্ট)’; বিদেশি প্রতিষ্ঠান আরবোটিং ফুড কোং লিমিটেডের উৎপাদিত ‘আর বোটিং ফুড স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’; এবং বনশ্রীর ‘কাচ্চি সুলতান’ রেস্টুরেন্টের বাজারজাত করা ‘বোরহানী’।

ডিএসসিসির জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অতিরিক্ত প্রিজারভেটিভ দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য ক্ষতিকর এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি, খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে মান যাচাই এবং আইন লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD