পানিতে ডুবে আছে সড়ক, জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার নিচু সড়ক পানির নিচে চলে গেছে। ফলে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমের পৃষ্ঠায় প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বার্তায় আরও জানানো হয়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।
সকল মোটরযান চালক ও পথচারীদের উদ্দেশে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জলাবদ্ধ সড়কে ধীরগতিতে যানবাহন চালান, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করুন এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করুন। একই সঙ্গে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি ধৈর্য ও সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।







