Logo

টানা বর্ষণে গুলশান লিংক রোডে ধস, ভোগান্তি চরমে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই, ২০২৬, ১৬:০৩
টানা বর্ষণে গুলশান লিংক রোডে ধস, ভোগান্তি চরমে
ছবি: সংগৃহীত

রাজধানীতে টানা ভারী বর্ষণের প্রভাবে গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা এবং জমে থাকা পানির তীব্র চাপে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটেছে। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া অংশ ঘিরে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে সেখানে যানবাহন ধীরগতিতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে অতি দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। একই সঙ্গে যানবাহন চালক ও সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহার এবং ধসে পড়া অংশের আশপাশ দিয়ে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

গুলশান-শাহজাদপুর লিংক রোডের এই এলাকা ছাড়াও জলাবদ্ধতার কারণে ব্যাপক জনদুর্ভোগের চিত্র লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। অনেক সড়কেই হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহনের গতি কমে গেছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে জনসাধারণকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে দেশজুড়ে টানা বর্ষণে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগান এলাকায়।

রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টি হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় মোট ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের পর থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। তবে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পুরো জুলাই মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তবে অঞ্চলভেদে এবং সময়ভেদে বৃষ্টির পরিমাণ ও তীব্রতায় পার্থক্য দেখা যেতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD