ঢাকার ৪১৬ বছর পূর্তি, ‘হৃদয়ে ঢাকা’ উৎসবে বর্ণাঢ্য আয়োজন

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘হৃদয়ে ঢাকা’ প্রতিপাদ্যে এ উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং বিশ্বমঞ্চে নগরীর ইতিবাচক পরিচিতি তুলে ধরতেই এ আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘হৃদয়ে ঢাকা’ শুধু একটি উৎসব নয়; এটি ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার, নাগরিক চেতনা জাগ্রত করা এবং পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।
সপ্তাহব্যাপী কর্মসূচি
বিজ্ঞাপন
৩১ জুলাই: ভোরে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ এবং বিকেলে হাতি, ঘোড়ার গাড়ি, পালকিসহ ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে বর্ণাঢ্য ‘ঢাকা শোভাযাত্রা’।
১ আগস্ট (ঢাকা দিবস): ভোরে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’। বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩ আগস্ট: বুড়িগঙ্গা নদীতে (খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট) ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
১-৭ আগস্ট (সপ্তাহজুড়ে): মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, বিটিভিতে বিশেষ নাটক ও অনুষ্ঠান প্রচার, শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, আর্ট ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাজধানীর বিপণিবিতানগুলোতে ‘দি গ্রেট ঢাকা সেল’ এবং সদরঘাট থেকে ঐতিহ্যবাহী নৌযানে ‘হেরিটেজ ক্রুজ’-এর বিশেষ ভ্রমণ আয়োজন।
বিজ্ঞাপন
কেন ‘ঢাকা দিবস’
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়েছিল। পরে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক নগর প্রশাসনের সূচনা হয়। সেই ধারাবাহিকতার উত্তরসূরি আজকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কারণেই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান—বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও নাগরিকবান্ধব রাজধানী গড়ে তুলতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বিজ্ঞাপন
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকল্প পরিকল্পনা
সম্ভাব্য প্রতিকূল আবহাওয়া প্রসঙ্গে প্রশাসক জানান, সার্বিক আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তবে পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। তবুও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব উদযাপন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ডিএসসিসি দেশের সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন








