Logo

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৭:২৪
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান
ছবি প্রতিনিধি।

আসন্ন আইকাও অডিট–২০২৬ সামনে রেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) তিনি বিমানবন্দরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

আরও পড়ুন:

পরিদর্শনের শুরুতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর চেয়ারম্যানকে আসন্ন আইকাও অডিটকে সামনে রেখে গৃহীত বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন। এ সময় অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়। ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়ানো, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ও তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

ব্রিফিং শেষে চেয়ারম্যান বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, অ্যারাইভাল ও ডিপারচার এলাকা, ভিওআর (VOR) স্থাপনা এবং বিমানবন্দরের অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

এছাড়াও পরিদর্শনের সময় তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যাত্রীদের কাছ থেকে বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনেন এবং তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার কথা জানান। যাত্রীসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এ সময় তিনি অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করা, যাত্রীসেবার মান উন্নত করা, যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন আইকাও অডিট সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও তিনি জোর দেন।

পরিদর্শনকালে বেবিচকের মেম্বার (অপারেশনস) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান এবং মেম্বার (সিকিউরিটি) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিমানবন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন এবং আইকাও অডিটকে সামনে রেখে নেওয়া প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD