অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

নারায়ণগঞ্জ ও মিরপুরে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জের দেওয়ান বাগ, ঢাকেশ্বরী স্ট্যান্ড, সোনাচড়াবাগ ও ২৬ নং ওয়ার্ডের দুইটি স্পটে অভিযান পরিচালনা করেন মিজ সুনিম সোহানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে দুটি চুনা কারখানা এবং প্রায় ১০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, এমএস পাইপ, জিআই পাইপ, রাবার পাইপ, বল ভাল্ব, ডাবল বার্নার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এই অভিযান থেকে জরিমানা বাবদ ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
একই দিনে মিরপুরের (ইস্টার্ণ হাউজিং) এলাকায় তিতাস গ্যাসের মেট্রো ঢাকা বিক্রয় ও রাজস্ব বিভাগের আওতায় অভিযান পরিচালনা করেন সৈকত রায়হান, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অভিযানে লালন ওয়াশিং, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং, আল্লাহর দান কাবাব এন্ড রেস্টুরেন্ট, তুরাগ এন্টারপ্রাইজ এবং দিলু মোল্লা ও আল-আমিনের ২০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বুস্টার/কম্প্রেসর, বিভিন্ন জিআই ও এমএস পাইপ, স্টার বার্নার, ডাবল বার্নার, রেগুলেটরসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে। আল্লাহর দান কাবাব এন্ড রেস্টুরেন্টে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া, গাজীপুরের ভবানিপুরে এ্যাপারেল-২১ লি. এর বিল বকেয়ার থাকার কারণে উভয় শ্রেণীর আউলেট ভাল্ব বন্ধ করা হয়েছে এবং প্লাস্টিক সিল স্থাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।
তিতাস গ্যাস জানিয়েছে, অবৈধ সংযোগ এবং বকেয়ার বিলের কারণে নিয়মিত এই ধরনের অভিযান চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








