এলজিইডি-ক্রিলিকের কেএমএস উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ইনসেপশন কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের কার্যকর ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৌশলী, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা দ্রুত ও সহজে কারিগরি জ্ঞান বিনিময় করতে পারবেন। ফলে ভবিষ্যতে টেকসই ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণে এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কর্মশালায় নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের প্রতিনিধিরা কেএমএসের বিভিন্ন দিক তুলে ধরেন। সফটওয়্যার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ সিস্টেমটির লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, এই ইনসেপশন কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ সংগ্রহ করে কেএমএসকে আরও কার্যকর, ব্যবহারবান্ধব ও টেকসই করে তোলা।
অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর ও মো. ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিক প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।








